আট বছরেও মার্সিডিজ বেঞ্জের মালিক মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুলা জমে, রোদে পুড়ে বিবর্ণ হয়ে পড়া মার্সিডিজ বেঞ্জ। চট্টগ্রামের কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ধুলা জমে, রোদে পুড়ে বিবর্ণ হয়ে পড়া মার্সিডিজ বেঞ্জ। চট্টগ্রামের কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

আট বছর ধরে চট্টগ্রামের কোতোয়ালি থানায় পড়ে আছে কোটি টাকা দামের একটি মার্সিডিজ বেঞ্জ। সারা দেশের সব থানায় বার্তা পাঠিয়েও এই গাড়ির মালিককে খুঁজে বের করতে পারেনি পুলিশ। এই গাড়ির মালিকানা দাবি করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুলিশের সঙ্গে যোগাযোগও করেননি।
পুলিশ বলছে, গাড়ির নিবন্ধন না থাকায় মালিককে খুঁজে বের করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে গাড়িটি একবার নিলামে বিক্রি করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। বছরের পর বছর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধুলা জমে ঝা-চকচকে এই গাড়ি এখন বিবর্ণ।
২০০৭ সালের ৮ জুলাই সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কে বা কাঁরা এই দামি গাড়িটি চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন নূর আহমদ সড়কে ফেলে পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তখন সারা দেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছিল। পুলিশের ধারণা, কালো টাকায় কেনা হয়েছিল মার্সিডিজ বেঞ্জটি। যে কারণে গাড়িটির মালিক ভয়ে তা রাস্তায় ফেলে রেখে যান। পরে আর গাড়ি নিতে তিনি যোগাযোগও করেননি।
পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি থানার সাবেক উপপরিরদর্শক (এসআই) হামিদুল হক গাড়িটি নূর আহমদ সড়ক থেকে উদ্ধার করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গাড়ির চেসিস নম্বর ডব্লিউডিবি-১২৪০১৯২-সি ২৫৫০৫।
সরেজমিনে কোতোয়ালি থানায় দেখা গেছে, মার্সিডিজ বেঞ্জ গাড়িটি থানা ভবনের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গাড়িটির সামনের জানালার কাচ ভেঙে গেছে। খসে পড়েছে ছাদের আস্তরণ। বিবর্ণ এই গাড়ির আসনসহ ভেতরের কাঠামো নষ্ট হয়ে গেছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘এখন এই গাড়ির যা অবস্থা তাতে এটি নিলামেও কেউ কিনবেন কি না সন্দেহ আছে। তবে ইঞ্জিনের কী অবস্থা সেটা আমরা জানি না।’
গাড়িটি উদ্ধারের পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০০৮ সালের ১৭ এপ্রিল তা নিলামে বিক্রির অনুমতি দেন। এরপর পত্রিকায় নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ২০০৮ সালের ২২ জুলাই নিলাম-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে পুলিশ।
কেন নিলামের প্রক্রিয়া স্থগিত করা হলো তা জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালের ২৪ জুলাই কোটি টাকার গাড়িটি নিলামে তোলার দিন ধার্য ছিল। কিন্তু এর আগেই নিলাম-প্রক্রিয়া নিয়ে কয়েকটি পত্রিকায় দুর্নীতির আগাম অভিযোগ তোলা হয়। এ কারণে তখন নিলাম থেকে পুলিশ সরে আসে।’
ওসি বলেন, নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় নিলাম-প্রক্রিয়া স্থগিত করতে আদালতে পুলিশের পক্ষে প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনের ভিত্তিতে আদালত নিলাম স্থগিত রাখার নির্দেশ দেন। এরপর গাড়িটি নিলামে বিক্রির করার বিষয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।