আট বাড়িজুড়ে কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ রওশন আলীর স্বজনদের কান্না। ছবি: কবির হোসেন
মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ রওশন আলীর স্বজনদের কান্না। ছবি: কবির হোসেন

প্রতিদিনের মতো গতকাল শনিবারও কাজে গিয়েছিলেন মাগুরার আট বালুশ্রমিক। ট্রাক থেকে বালু নামিয়ে ফিরছিলেন। সারা দিন হাড়ভাঙা পরিশ্রম গেছে। তাই ট্রাকে ক্লান্তিতে গা এলিয়ে দিয়েছিলেন তাঁরা। অনেকেরই হয়তো ঘুমে চোখ কিছুটা জড়িয়ে এসেছিল। এ সময়েই ছোড়া হয় পেট্রলবোমা। আটজনই দগ্ধ হন। দগ্ধ হন ট্রাকের চালকও।

শ্রমিকদের সবার বাড়ি সদর উপজেলার মালিক গ্রামে। তাঁরা সবাই দিনমজুর। কাজ না করলে পেটে ভাত জোটে না। দিন শেষে যা আনেন তাই দিয়ে পেট ভরে সবার। গতকালও কাজে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। চাল, ডাল যা আনবেন তা দিয়েই হবে রান্না। কিন্তু শ্রমিকেরা বাড়ি ফেরেননি। তাঁরা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যেই দুজন মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

আজ সকালে মালিক গ্রামে যেতেই শোনা যায় কান্না। শ্রমিকদের আটটি বাড়ি পাশাপাশি। বাড়ি না বলে কুঁড়েঘরই বলা চলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি এখন হাসপাতালে। তাই এই পরিবারগুলোর অবস্থা এখন টালমাটাল। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। বিলাপ করছেন।

কান্নার মাঝেই অনেকে জিজ্ঞেস করলেন, তাঁরা হতদরিদ্র, দিনমজুর। রাজনীতি বোঝেন না। কাজ না করলে পেটে ভাত জোটে না। তাঁরা কেন হামলার শিকার হলেন? তাঁদের কী অপরাধ?

আজ ভোরে ঢাকা মেডিকেলে মারা গেছেন দগ্ধ রওশন আলী। তাঁর মৃত্যুর খবরে দিশেহারা-হতভম্ব স্ত্রী শুকুরন্নেছা। তিন শিশুকে জড়িয়ে তাকিয়ে আছেন নীরবে। একসময় ডুকরে কেঁদে বললেন, ‘আমি তিন নাবালককে কীভাবে বাঁচাব? ওরা কেন আমাগের সর্বনাশ করল? আমরা ওগের কী ক্ষতি করিছি।’

মৃত রওশনের ভাই ও ভাতিজাও দগ্ধ হয়েছেন পেট্রলবোমার আগুনে। রওশনের দুই বোন বুক চাপড়ে কাঁদছিলেন।

কথা বলতে গিয়ে দগ্ধ ইয়াদুলের চাচা তরিকুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘ইয়াদুল বংশের প্রদীপ ছিল। বাপ মারা গেছে ২০ বছর আগে। আর কোনো ভাই নেই। ছয় বোন। কাজ শেষে চাল-ডাল কিনে বাড়ি ফেরে। তারপর খাওয়া।’

পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা গেছেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি। তিন সন্তানকে নিয়ে নির্বাক বসে আছেন নিহত রওশন আলীর স্ত্রী শুকুরন্নেছা। ছবি: কবির হোসেন
পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা গেছেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি। তিন সন্তানকে নিয়ে নির্বাক বসে আছেন নিহত রওশন আলীর স্ত্রী শুকুরন্নেছা। ছবি: কবির হোসেন

কাঁদতে কাঁদতে পেট্রলবোমায় দগ্ধ মো. মতিনের স্ত্রী জাহিদা খাতুন বলেন, ‘খুব সকালে বার হয়। বালির কাজ করে দিনে ৩০০ টাকা পায়। তাই দিয়েই কষ্টে সংসার চালাই। এখন আমার সব শেষ। কীভাবে আমরা বাঁচপো? ’

দগ্ধ শ্রমিকদের প্রথমে ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে। হাসপাতালের অর্থোপেডিক কনসালট্যান্ট চিত্তরঞ্জন রায় প্রথম আলোকে বলেন, তাঁদের শরীরের ৭০-৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। তবে এর মধ্যে চারজন গুরুতর।

পুলিশ সুপার জিহাদুল কবীর প্রথম আলোকে বলেন, ঘটনার পর সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা হয়নি।

মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, দগ্ধ ব্যক্তিদের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হয়েছে।