আট মাস পর লাশ উত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএনএ পরীক্ষার জন্য নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্যবসায়ী তাজুল ইসলামের লাশ আট মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত উল্লাহর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। তাজুলের বাবা জহিরুল ইসলাম জানান, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর সোনারগাঁয়ের ললাটি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাজুলকে তুলে নিয়ে যাওয়া হয়। গত ২ জানুয়ারি মেঘনা নদীর রামপ্রসাদের চর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরী জানান, তাজুলের লাশ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছিল। আদালতের নির্দেশে গতকাল বন্দরের জাঙ্গাল গালিমপুর কবরস্থান থেকে তাজুলের লাশ উত্তোলন করা হয়।