আট মাসেও দুই জঙ্গির ঠিকানা পেল না পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দুই সদস্যের পূর্ণাঙ্গ ঠিকানা প্রায় আট মাস তদন্তের পরও খুঁজে বের করতে পারেনি পুলিশ। এ কারণে চট্টগ্রামে আদালতে দেওয়া অভিযোগপত্রে দুই আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। অথচ মামলার এজাহারে দুজনের নাম ছিল। অব্যাহতির সুপারিশ করা দুই আসামি হলেন মো. ফারুক ও মো. শাহেদ।

২০১৬ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় নগরের বহদ্দারহাট উড়ালসড়কের পাশে সিটি করপোরেশন মার্কেটে হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলি করার সময় কাজী ফখরুদ্দিন নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পালিয়ে যান আরও দুজন। গ্রেপ্তার ফখরুদ্দিনের কাছ থেকে ১১টি প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। প্রচারপত্রগুলোতে বাংলাদেশ সরকার, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ গ্রেপ্তার ফখরুদ্দিনের কাছ থেকে তাঁর দুই সহযোগী মো. ফারুক ও মো. শাহেদের নাম জানতে পারে। কিন্তু তাঁদের ঠিকানা বলেননি তিনি। এই ঘটনায় করা মামলায় তিনজনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম। তিনি দুই দফায় এক দিন করে মোট দুই দিন গ্রেপ্তার ফখরুদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন পুলিশকে বলেন তিনি, ফারুক ও শাহেদ হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য।

পলাতক দুই আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে শুধু ফখরুদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামি শুধু ওই দুজনের নাম বলেছেন। অনেক চেষ্টা করেও তাঁদের ঠিকানা বের করা যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ নিজেই মামলার এজাহারে বলেছে ঘটনাস্থল থেকে দুজন পালিয়ে গেছে। কিন্তু আট মাস তদন্ত করেও দুজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ। জঙ্গিদের শনাক্ত করা না গেলে জঙ্গিবাদ দমন কঠিন হবে। তদন্ত করে পুলিশকেই বের করতে হবে পলাতক প্রকৃত আসামি কারা।

সরকারি কৌঁসুলি বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসবে। এর বিরুদ্ধে নারাজি দিয়ে মামলাটি পুনতদন্তের জন্য পাঠাতে আদালতে আবেদন করা হবে।