কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জাল করে প্রায় আট লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন পিআইওর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর খালেকুজ্জামান। নন-ওয়েজ প্রকল্প থেকে এ টাকা আত্মসাৎ করেন তিনি। এদিকে গত ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ায় পাওনা টাকার জন্য কর্মকর্তাদের কাছে ধরনা দিচ্ছেন প্রকল্পের সদস্যরা।
ফুলবাড়ীর পিআইও সবুজ কুমার গুপ্ত বলেন, ত্রাণ অধিদপ্তরের অধীনে পাঁচ বছর ধরে উপজেলায় এই নন-ওয়েজ প্রকল্প চলছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এ প্রকল্প পরিচালিত হয়। চলতি ২০১৪-২০১৫ অর্থবছরেও এ নন-ওয়েজ প্রকল্পের অধীনে ২৪টি কার্যক্রম হাতে নেওয়া হয়। এগুলোর মধ্যে নয়টিতে ইউএনও ও পিআইওর স্বাক্ষর জাল করেন খালেকুজ্জামান। তিনি প্রকল্পগুলোর ২০১৩-২০১৪ অর্থবছরের চেক রেখে দিয়েছিলেন। সেই চেক দিয়ে গত ১৬ জুন ৭ লাখ ৬১ হাজার টাকা তুলে নিয়ে পালিয়ে যান। বর্তমানে তাঁর মুঠোফোনটিও বন্ধ। খালেকুজ্জামান উলিপুরের বিরহিম এলাকার হাজীটারী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। ২০১২ সালের ৩০ আগস্ট তিনি ফুলবাড়ী পিআইও কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেন। বর্তমানে টাকার ব্যাপারে খালেকুজ্জামানের বাবার সঙ্গে বলা কথা হচ্ছে।
পিআইও আরও বলেন, চলতি অর্থবছরে এই উপজেলার ছয় ইউনিয়নের জন্য নন-ওয়েজ প্রকল্পে মোট ২২ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। এ বিপরীতে ২৪টি কর্মসূচি হাতে নেওয়া হয়। এ ২৪টির মধ্যে নাওডাঙ্গা ইউনিয়নে দুটি, ফুলবাড়ী সদর ইউনিয়নে চারটি, ভাঙ্গামোড়ে তিনটি, কাশিপুরে দুটিসহ মোট নয়টি প্রকল্পের ৭ লাখ ৬১ হাজার টাকা পাওয়া যায়। এই টাকাটা আত্মসাৎ করেছেন খালেকুজ্জামান। নয়টি চেকে অগ্রণী ব্যাংক থেকে টাকাগুলো তুলেন তিনি।
এদিকে প্রকল্প কমিটির সদস্যরা দ্বিতীয় কিস্তির টাকা তোলার আবেদন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের অগ্রণী ব্যাংকের চেক কমিটি প্রধানদের দেন। তঁারা ব্যাংকে গিয়ে দেখেন আগেই টাকা তোলা হয়ে গেছে। কমিটি প্রধানেরা তখন প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করলে বিভিন্ন ফাইল ও চেকের পাতা খুঁজে গরমিল ধরা পড়ে।
ফুলবাড়ীর ইউএনও নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। অভিযুক্ত খালেকুজ্জামানের মুঠোফোন বন্ধ থাকায় তঁঅর বাবার সঙ্গে যোগাযোগ করে সরকারি টাকা ফেরত দিতে বলা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিভাগীয় ফৌজদারি মামলা করতে বলা হয়েছে।’