ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল থেকে আটক আট শিক্ষার্থীর সাতজনেরই শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তাঁদের শাহবাগ থানায় ৩৬ ঘণ্টা আটকে রাখার পর গতকাল মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে।
অপর শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল ওয়াদুদকে নাশকতার আশঙ্কায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠান। তিনি হল শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেছে ছাত্রলীগ।
বাকিদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় হলের ছাত্রলীগের কর্মীরাই প্রশ্ন করছেন, শুধু শুধু তাঁদের মারধর করা হলো কেন? জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সন্দেহজনকভাবে তাঁদের আটক করা হয়েছিল। তবে তাঁদের কাউকে পেটানো হয়নি। শুধু জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে আটজনই ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছেন।
অভিযোগ রয়েছে, গত রোববার রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের অনুসারী নেতা-কর্মীরা হলের তিনতলায় একটি কক্ষে ওই আটজনকে পিটিয়ে ছাত্রশিবির করার স্বীকারোক্তি আদায় করেন। পরে তাঁদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবদুল ওয়াদুদ শিবির করেন। হলে নাশকতার আশঙ্কায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বাকি সাতজনের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, আটক ছাত্রদের শিবির করার বিষয়ে তথ্য-প্রমাণ দেওয়ার কথা ছিল ছাত্রলীগের কর্মীদের। তবে তাঁরা প্রমাণ দিতে না পারায় পুলিশের মাধ্যমে সবার গ্রামের বাড়িতে খবর নেওয়া হয়েছে। তবে একজন ছাড়া বাকিদের শিবির করার প্রমাণ পাওয়া যায়নি।
যাঁরা মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ভবিষ্যতে এভাবে কাউকে যাতে না মারা হয়, সে বিষয়ে সতর্ক করে দেওয়া হবে।