রাজধানীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে আটক পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলমকে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে ওই ঘটনায় গতকাল রোববার রাত ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
পুলিশ বলেছে, র্যাব যেহেতু আসামি ধরেছে, তাই মামলার বাদী হবে র্যাব অথবা ভুক্তভোগী (ওই ব্যবসায়ী)। তবে র্যাব বলেছে, তারা এ বিষয়ে মামলা করবে না। ব্যবসায়ীও মামলা করতে অস্বীকৃতি জানিয়েছেন।
র্যাব জানায়, জাহাঙ্গীরকে তারা গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ধানমন্ডি থানায় হস্তান্তর করে। ওই ব্যবসায়ী আবদুল মান্নানকে অপহরণের স্থান কারওয়ান বাজার হওয়ায় ধানমন্ডি থানা থেকে গতকাল রাতে তাঁকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
আবদুল মান্নানের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি থানা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্ররক্ষা বিভাগের কনস্টেবল জাহাঙ্গীরকে আটক করে র্যাব-২। মান্নানের অভিযোগ, সম্প্রতি জাহাঙ্গীর এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) দুই উপপরিদর্শক (এসআই) তাঁকে কারওয়ান বাজার থেকে অপহরণ করে ৬৫ লাখ টাকা দাবি করেন। ভয়ভীতি দেখিয়ে এবং কৌশলে তাঁর ধানমন্ডির বাসা থেকে চেকবই আনিয়ে কয়েকটি চেকে জোর করে স্বাক্ষর নিয়ে দেড় লাখ টাকা উত্তোলন করেন অপহরণকারীরা। এক দিন পর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এক নারীও তাঁদের সঙ্গে ছিলেন।
র্যাব জানায়, ওই দুই এসআইয়ের মধ্যে একজন আগে থেকেই সাময়িক বরখাস্ত। জাহাঙ্গীরকে আটকের পর ওই নারীকেও র্যাব-২-এর কার্যালয়ে ডেকে আনা হয়। ওই নারী জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যপ্রবাসী। দেশে জায়গাজমিসংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তিনি মান্নানকে ৬৫ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু কোনো কাজ না করায় টাকা ফেরত পেতে তিনি পূর্বপরিচিত বরখাস্ত হওয়া এসআইকে ব্যবস্থা নিতে বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ওই এসআই আরেক এসআই ও জাহাঙ্গীরকে নিয়ে কারওয়ান বাজারে মান্নানকে আনান এবং তাঁকে গাড়িতে উঠিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন।
র্যাব জানায়, ধানমন্ডি থানায় জাহাঙ্গীরকে হস্তান্তরের সময় মান্নান, ওই নারী ও র্যাবের বক্তব্য দিয়ে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা র্যাবের পক্ষ থেকে মামলা করার মতো কোনো অভিযোগ পাইনি।’
পুলিশ কর্মকর্তারা জানান, যে অভিযোগের ভিত্তিতে র্যাব জাহাঙ্গীরকে আটক করেছে, সে অভিযোগের নিষ্পত্তি দরকার। এর জন্য যারা তাঁকে আটক করেছে, তাদের পক্ষ থেকে থানায় মামলা করতে হবে। র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পুলিশকে জানিয়েছে, তারা মামলা করবে না। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী মান্নানও মামলা করবেন না। ফলে এ বিষয়ে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক রুম্মান আহমেদ বলেন, ‘আটক ব্যক্তিকে হস্তান্তরের সময় সঙ্গে একটি ফরোয়ার্ডিং দেওয়া হয়েছে। সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে বলা হয়েছে। তাই আটক ব্যক্তির ব্যাপারে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। এখানে আমাদের পক্ষ থেকে মামলা করার কিছু নেই।’
যুক্তরাজ্যপ্রবাসী ওই নারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জমিসংক্রান্ত ঝামেলা মেটাতে মান্নান তাঁর কাছ থেকে ৬৫ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু পরে তা অস্বীকার করেন মান্নান। তাই তিনি পূর্বপরিচিত ওই এসআইকে বিষয়টি জানিয়ে সাহায্য চেয়েছিলেন। কিন্তু ঘটনাটি যে এমন হবে, তা তিনি বুঝতে পারেননি।