আটক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের নেতা আরিফ হোসেনকে হত্যায় আটক সন্দেহভাজন আসামি ছাত্রদলের নেতা নজরুল ইসলাম (২৪) পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’র ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে একই উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কবিরাজবাড়ির এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। নজরুল সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং চৌমুহনী এস এ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, পাইপগানের দুটি গুলি, দুটি খোসা ও দুটি পিস্তলের গুলির খোসা উদ্ধার উদ্ধার হয়েছে। একই ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ও কনস্টেবল মামুন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ নজরুলকে পুলিশ পাহারায় রাত আড়াইটার সময় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, রোগীর বাঁ পায়ের হাঁটুর পেছনের রক্তনািল ছিঁড়ে গেছে৷ এ কারণে রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিল না। তাই উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে ঢাকার সোরওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে নজরুলের বাবা আবুল কাশেম ও মা কোহিনুর বেগম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের ছেলে সম্পূর্ণ নিরপরাধ। পুলিশ সন্দেহজনকভাবে তাঁকে চট্টগ্রাম থেকে ধরে এনে কোনো কিছু যাচাই-বাছাই না করেই পায়ে গুলি করেছে। এখন তাঁদের ছেলে মৃত্যুর পথযাত্রী।
তাঁদের দাবি, পুলিশ যে স্থানে ‘গোলাগুলি’ হয়েছে বলে প্রচার করছে, ওই এলাকার কেউ গুলির শব্দও শোনেননি।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উল ইসলামের ভাষ্যমতে, যুবলীগ নেতা আরিফ হোসেন হত্যার মামলায় সন্দেহজনক আসামি হিসেবে থানার তালিকাভুক্ত ৫ নম্বর সন্ত্রাসী নজরুল ইসলামকে চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে আটক করে মঙ্গলবার রাতে সোনাইমুড়ী থানায় আনা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল তাঁর কাছে থাকা অস্ত্রের বিষয়ে কিছু তথ্য দেয়। যার ভিত্তিতে রাত দেড়টার দিকে তাঁকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে সোনাপুর গ্রামে যায়। পুলিশ কবিরাজবাড়ি সড়কে যাওয়ামাত্র নজরুলের সহযোগীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং গুলি ছুড়তে থাকে।
এ সময় পুলিশও শর্টগান থেকে পাল্টা পাঁচটি গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর সহযোগীদের গুলিতে গুলিবিদ্ধ নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন ও কনস্টেবল মামুন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আশরাফ আরও বলেন, নজরুলের বিরুদ্ধে থানায় একটি হত্যা, একটি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে নয়টি মামলা রয়েছে। এ ছাড়া মঙ্গলবার রাতে পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আর দুটি মামলা করা হয়েছে।
৭ সেপ্টেম্বর দিবাগত রাতে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পালপাড়া এলাকায় যুবলীগ নেতা আরিফ হোসেনকে একদল দুর্বৃত্ত পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আরিফ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।