আটক ছাত্রলীগ নেতাসহ দুজনকে 'ছিনতাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কান্দিরপাড়া বাজার থেকে আজ বুধবার অস্ত্রসহ আটক ছাত্রলীগের এক নেতা ও ইউনিয়ন পরিষদের এক সদস্যকে পুলিশের কাছ থেকে আটককৃতদের সমর্থকেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে ওই দুজন পালিয়ে গেছেন। 

তাঁরা হলেন উস্থি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল মিয়া ও উস্থি ইউনিয়নের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য আবুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যায় পাগলা থানা-পুলিশ উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিরপাড়া বাজারে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশ সন্দেহবশত রাসেল মিয়ার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন। ওই মোটরসাইকেলে ছিলেন আবুল। পুলিশ রাসেলের শরীর তল্লাশি করে একটি পিস্তল পায়। পরে পুলিশ রাসেল ও আবুলকে আটক করে থানায় নেওয়ার জন্য রিকশায় ওঠে। কিছু দুর যাওয়ার পর পথে আটককৃতদের সমর্থকেরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ওই দুজনকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে পাগলা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বদরুল আলম খান বলেন, আটক দুজন ধস্তাধস্তি করে পালিয়ে গেছে। তাঁদের কেউ ছিনিয়ে নেয়নি। তবে রাসেল মিয়ার সঙ্গে থাকা পিস্তল জব্দ করা হয়েছে।