আটক তিনজন মুক্তি পেলেন মুচলেকা দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক তিনজন মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন। গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সীমাবাড়ী-জামতলী আঞ্চলিক সড়কের ফকিরতলা এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে।
ওই ব্যক্তিরা হলেন আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন কমিটির উপজেলার ভবানীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলাল হোসেন (৩৫), ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ি গ্রামের বাসিন্দা ছানোয়ার শেখ (২৫) ও আবদুস সালাম (৪০)। আলাল হোসেনের বাড়িও বেলগাড়ি গ্রামে।
শেরপুর থানার এক কনস্টেবল বলেন, ওই সড়কে চলাচল করা একটি গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় ওই তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।
এ প্রসঙ্গে থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হুদা বলেন, তাঁরা আর কোনো দিন সড়কে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকবেন না বলে মুচলেকা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁদের গতকাল শনিবার থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।