প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অবৈধ অস্ত্রসহ ছাত্রলীগের চার কর্মীসহ পাঁচজনকে আটকের ঘটনায় মামলা হয়েছে। গত রোববার রাতে হোয়াইক্যং তল্লাশিচৌকির নায়েক মো. মারজানুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। গত রোববার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবি। অটোরিকশাটিতে ছাত্রলীগের চার কর্মী ছিলেন। গাড়ি থেকে একটি চায়নিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি চাকু উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাচালক লিয়াকত আলী, ছাত্রলীগ কর্মী মো. জুয়েল, মেহেদী হাসান, মনছুর আলী, আবেদ কাশেমকে আটক করা হয়। জব্দ করা হয় অটোরিকশাটি। জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, আটক পাঁচজনকে থানায় সোপর্দ করে বিজিবির নায়েক মো. মারজানুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।