আটক রোহিঙ্গাদের ছিনিয়ে নিতে গুলি, সুবেদার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুপ্রবেশকারী ১০৮ জন রোহিঙ্গাকে আটক করায় তাদের ছিনিয়ে নিতে কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর গুলি চালিয়েছে ‘দালালেরা’। এতে বিজিবির সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দালালদের এক সহযোগীকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল ঘুরে এসে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন তালুকদার প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার রাতে সীমান্ত অতিক্রম করে বিপুলসংখ্যক রোহিঙ্গা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামে একটি মাহফিলে যোগ দেয়। গতকাল সকালে তারা উখিয়ার কুতুপালং শিবিরে যাওয়ার সময় বিজিবি বাধা দিলে দালালদের সঙ্গে সংঘর্ষ হয়। তিনি জানান, কুতুপালং শিবিরের আশপাশের পাহাড়ে অন্তত ৭০ হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গার অবৈধ বসতি রয়েছে।
বিজিবির কর্মকর্তারা জানান, গুলিবিদ্ধ সুবেদার ফজলুল হককে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। তাঁর কাঁধে গুলি লেগেছে।
বিজিবি, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চারটি খোলা জিপগাড়ি (চাঁদের গাড়ি) নিয়ে ৩০ জন নারী, শিশুসহ শতাধিক রোহিঙ্গা কাটাখালীর মাহফিল থেকে গতকাল সকালে উখিয়ার দিকে যায়। বালুখালী পানবাজার এলাকায় পৌঁছানোর পর রোহিঙ্গাদের আটক করে বিজিবি। এ ঘটনার পর দালাল কালাম, জিপগাড়ির চালক শাহ আলমগীরসহ স্থানীয় কিছু লোক টেকনাফ-কক্সবাজার সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিজিবি সড়কের প্রতিবন্ধকতা সরাতে গেলে দালালেরা গুলি চালায়। এ সময় সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হন। এরপর বিজিবির সদস্যরা চারটি ফাঁকা গুলি ছুড়লে দালালেরা পালিয়ে যায়। পরে ধাওয়া করে বিজিবির সদস্যরা চালক আলমগীরকে আটক করেন।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম প্রথম আলোকে জানান, আটক রোহিঙ্গাদের ছিনিয়ে নিতে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা গফুর উদ্দিন চৌধুরীর লোকজন বিজিবির সদস্যদের ওপর হামলা চালায়। তাঁর দাবি, কালাম নামের এক দালালের গুলিতে ফজলুল হক গুলিবিদ্ধ হন। কালামসহ অন্যদের ধরতে অভিযান চলছে।
তবে অভিযোগের বিষয়ে গফুর উদ্দিন চৌধুরী দাবি করেন, হামলার ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
লে. কর্নেল খন্দকার সাইফুল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আটক ১০৮ জন রোহিঙ্গাকে বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।