আটক হলেও গ্রেপ্তার না দেখানোর অভিযোগ এনামুলের পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনামুল হক (২৪) নামের এক তরুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পরেও কোনো গ্রেপ্তার না দেখানো বা আদালতে হাজির না করার অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল শনিবার বিকেলে নওগাঁ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এনামুলের মা আখতারুন্নেছা এ দাবি করেন।
লিখিত বক্তব্যে আখতারুন্নেছা দাবি করেন, ‘২৭ অক্টোবর রাত নয়টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাংগুরিয়া বাজারের আশ্রয় সমবায় সমিতির অফিস থেকে আমার ছেলেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচয়ে আটক করে নিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। এ ব্যাপারে আদমদিঘী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তা গ্রহণ করা হয়নি।’
আখতারুন্নেছা বলেন, ‘আমার ছেলেকে ডিবি ও র‌্যাব আটক করলেও এখন পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। এমনকি তাকে আটক করার বিষয়টিও অস্বীকার করে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় আমরা তার জীবন নিয়ে সংশয়ে আছি।’
আখতারুন্নেছা বলেন, ‘সম্প্রতি ঢাকার দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা খুনের ঘটনায় বিভিন্ন পত্রিকা ও টিভিতে আমার ছেলের নাম উঠে এসেছে। যা দেখে আমরা বিস্মিত ও হতবাক। এ অবস্থায় গত ২৭ অক্টোবর রাতে আমার ছেলে মুঠোফোনে আমাকে জানায়, র‌্যাব ও ডিবি তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।’
এনামুল প্রকৃত অপরাধী হলে তাঁকে আদালতে হাজির করার দাবি জানান তিনি। এ ছাড়া তাঁর শিক্ষাজীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনামুলের বাবা আসলাম হোসেন, খালা রওশন আরাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এনামুল বগুড়ার আদমদিঘী উপজেলার কুসম্বী গ্রামের বাসিন্দা। তিনি আদমদিঘী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
আদমদিঘী থানার ওসি শওকত কবির দাবি করেন, এনামুলকে আটকের বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করতে আসেনি।