সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার দালালসহ ১৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিএসবি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে টেকনাফ থানার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে দালালসহ চারজনকে আটক করা হয়। আটক দালাল সাবরাং কচুবুনিয়া গ্রামের আবদুস শরিফের ছেলে মো. হাসান (৩৮), যাত্রী নারায়ণগঞ্জের আড়াইহাজারের মনসুর আলী (২৮), ফরিদপুরের মিজান প্রমাণিক (২৫) ও একই এলাকার আকুবা সিকদার (২৫)। একই দিন সকাল নয়টার দিকে দমদমিয়া চেকপোস্টে কোম্পানি কমান্ডার ফুল মিয়ার নেতৃত্বে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের মো. ইসমাইল সরদার (২২), মো. ওবায়দুল (২৫), দাউদুর রহমান (২৪), মোজাম্মেল হক (৩৫), বিল্লাল হোসেন (৩৫), আবু সাঈদ (৩৫), ঝিনাইদহের কালীগঞ্জের জামাল উদ্দিন (২৮), রফিকুল ইসলাম (২৪), আল আমিন (২২), যশোরের মনিরামপুরের রফিকুল ইসলাম (২৪) ও নুরুল ইসলাম (৪০)। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে দালালেরা তাঁদের টেকনাফে এনেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।