আটক ২, কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত মঙ্গলবার এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের চরপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল (২৪) ও জসিম উদ্দিন (২৫)।
মারধর করার প্রতিবাদে ঘোষিত কর্মবিরতি গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করে নেন ইন্টার্ন চিকিৎসকেরা। মঙ্গলবার বিকেলে ১৩ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত মাজহারুল ইসলাম নামের এক ইন্টার্ন চিকিৎসককে মারধর করে। ওই ঘটনার পর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দেন।
গতকাল দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিনের কক্ষে ইন্টার্ন চিকিৎসকেরা জানান, তাঁদের দাবি ছিল মারধরকারীদের আটক করা। পুলিশ দুজনকে আটক করায় সেই দাবি পূরণ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ও রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।