আটক ৪৫ জন কারাগারে, ২৬টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং র‌্যাব কর্মকর্তারা মিলে ২৬টি মামলা করেন। গতকাল শনিবার এঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ২৩টি কেন্দ্র ও রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রী ও জালিয়াত চক্রের সদস্যদের আটক করা হয়। এঁদের মধ্যে এক শিক্ষক ও আট শিক্ষার্থীসহ ২১ জনকে আটক করে র‌্যাব। ১৭ জনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতজনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এঁদের পাঁচজন নারী শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান প্রথম আলোকে বলেন, পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও র‌্যাবের হাতে আটক হওয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর ১১টি থানায় ১৮টি মামলা করা হয়েছে। পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ৯(ক)১৩ ধারায় মামলাগুলো হয়েছে। দোষ প্রমাণিত হলে এই আইনে সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদণ্ড।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় প্রশাসনের হাতে আটক ১৭ জন ও র‌্যাবের হাতে আটক আটজনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয়। লালবাগ থানায় পাঁচটি, শেরেবাংলা নগর, মিরপুর ও রমনা থানায় দুটি করে, নিউমার্কেট, বংশাল, চকবাজার, মতিঝিল, খিলগাঁও, ওয়ারী ও মোহাম্মদপুর থানায় একটি করে মামলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী জানান, আটক পরীক্ষার্থীদের শুক্রবারই সংশ্লিষ্ট থানায় দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ জানান, জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় আটক সাতজন পরীক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় তিনটি, রমনা থানায় দুটি, চকবাজার ও শাহবাগ থানায় একটি করে মামলা করা হয়েছে। তিনি এ মামলার বাদী।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে জালিয়াত চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোজাম্মেল হক ওরফে লেলিনের কক্ষ (২২১) থেকে সজীব নামের একজনকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন স্নাতকোত্তর (ইএমবিএ) পর‌্যায়ের শিক্ষার্থী।
র‌্যাব জানায়, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে র‌্যাব-২ বাদী হয়ে মামলা করেছে। গতকাল সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করা হয়।
জানতে চাইলে র‌্যাব-২-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আজাদ বলেন, সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা এবং এতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।