আটক 'জঙ্গি'দের সঙ্গে বঙ্গবন্ধুর খুনির আত্মীয়ের যোগাযোগ ছিল: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল রোববার রাতে আশুলিয়া এলাকা থেকে দুজনকে আটক করেছে র‍্যাব-১। আটক ব্যক্তিরা হলেন ইমরান হোসেন ও রফিকুল ইসলাম ওরফে জোনায়েদ ওরফে রফিক।

আজ সোমবার দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, তাঁদের সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলায় আত্মস্বীকৃত এবং সাজাপ্রাপ্ত এক খুনির নিকট আত্মীয়ের যোগাযোগ ছিল। ওই আত্মীয় এই দুজনকে বিস্ফোরক ও অস্ত্র সরবরাহের আশ্বাস দিয়েছিলেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

আটক ব্যক্তিদের কাছ থেকে দুই বোতল সালফিউরিক অ্যাসিড, পাঁচ প্যাকেট স্প্লিন্টার, বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরির উপযোগী রাসায়নিক পদার্থ (১ কেজি ৬৫০ গ্রাম) উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, ইমরান ২০০১ সালে হুজি’বিতে যোগ দেন। পরে ময়মনসিংহের বুড়িচরে প্রশিক্ষণ নেন। ২০১৪ সালে জেএমবির প্রতি অনুগত হন তিনি । ইমরান হোসেন জয়দেবপুরের দুটি কেমিক্যালনির্ভর কারখানায় কাজ করতেন। এ জন্য তিনি কেমিক্যাল সরবরাহ ও সংগ্রহের বৈধ পদ্ধতি জানতেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য সংগ্রহ করতেন। এরপর সেগুলো বাহক অথবা কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রাম এলাকায় পাঠাতেন।

আটক রফিকুল ইসলাম ওরফে জোনায়েদ ওরফে রফিক চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষক। তিনিও হুজি’বির সদস্য ছিলেন। ইমরান ২০১৫ সালে রফিকুলকে প্ররোচিত করে জেএমবির অন্তর্ভুক্ত করেন। জিজ্ঞাসাবাদে এই দুজন র‍্যাবকে জানিয়েছেন, আরাকানের রোহিঙ্গা সন্ত্রাসীরা তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল।

মুফতি মাহমুদ খান আরও বলেন, গত ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে জেএমবির এক নারী সদস্য গ্রেপ্তার হন। এই নারী সদস্যকে জিজ্ঞাসাবাদে জেএমবির বিস্ফোরক সংগ্রহ ও সরবরাহে কিছু তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়।