আটকা মেয়ের অপেক্ষায় ছিলেন পঙ্গু বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে-জামাই আর নাতি-নাতনি আটকা আতিয়া মহলের তিনতলায়। খবর জানতে চায়ের দোকানে ঠায় বসে আছেন পঙ্গু মহসিন হোসেন। ছবি: প্রথম আলো
মেয়ে-জামাই আর নাতি-নাতনি আটকা আতিয়া মহলের তিনতলায়। খবর জানতে চায়ের দোকানে ঠায় বসে আছেন পঙ্গু মহসিন হোসেন। ছবি: প্রথম আলো

সন্দেহে থাকা জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ তিন তলায় গত বৃহস্পতিবার রাত থেকে আটকা ছিলেন মেয়ে-জামাই। সঙ্গে শিশু দুই নাতি-নাতনি। একজনের বয়স পাঁচ বছর, আরেকজনের নয়। বাসায় বিদ্যুৎ-পানি-গ্যাস ছিল না। অন্ধকারে কান্নাকাটি করেছে শিশুরা।

আতিয়া মহলের কাছাকাছি একটি চায়ের দোকানে বসে আজ শনিবার সকালে এসব কথা জানান পঙ্গু মহসিন হোসেন। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরেই ঢাকা থেকে রওনা হয়েছিলেন। রাত থেকেই মেয়ে-জামাইয়ের অপেক্ষায় চায়ের দোকানে বসেছিলেন। চোখে কান্নার নহর।

আজ সকাল সাড়ে আটটার দিকে মেয়ে-জামাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল মহসিনের। তাঁরা জানিয়েছিলেন, বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছে। দরজা-জানালা বন্ধ করে তাঁরা ভেতরে বসে আছেন। ফোনের নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। ঘর অন্ধকার থাকায় বাচ্চারা বেশি ভয় পাচ্ছে।

মহসিন হাঁটতে পারেন না। ২০০৩ সালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শারীরিক প্রতিবন্ধী। জামাতা আর নাতি-নাতনির দুশ্চিন্তায় অস্থির ছিলেন তিনি। কিছুতেই স্থির হতে পারছিলেন না। একবার এ চায়ের দোকানে বসেন তো আরেকবার অন্য চায়ের দোকানে যান। মহসিনের সঙ্গে ছিলেন তাঁর ভাগনি জামাই ও ছেলে।

সকালে একই চায়ের দোকানে বসেছিলেন বীথি আক্তার। কোলে ঘুমিয়ে ছিল চার বছরের মেয়ে। বীথি জানিয়েছিলেন, তিনি ‘জঙ্গি আস্তানার’ পাশের বাড়ি আতিয়া মহল ২-এ ভাড়া থাকেন। গতকাল পুলিশ ভবনটি খালি করতে বলে। এরপর তিনি এক প্রতিবেশীর বাড়িতে যান। সকালে আবার চায়ের দোকানে আসেন। বীথির স্বামী ওরসে গেছেন। তিনি না আসা পর্যন্ত চায়ের দোকানেই থাকবেন।

আতিয়া মহলের আশপাশে মহসিন ও বীথির মতো বেশ কয়েকজন এসেছিলেন স্বজনের খোঁজে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকাল সাড়ে নয়টার একটু পরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু হয়। বেলা সোয়া একটার দিকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজ শেষ বলে জানিয়েছেন জালালাবাদ সেনানিবাসের ইনটেলিজেন্স উইংয়ের এক কর্মকর্তা। মহসিনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাড়ে ১২টার দিকে তাঁর মেয়ে-জামাইকে উদ্ধার করা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।