অবৈধ দখলে থাকা নাখালপাড়া বাজার উদ্ধারের কাজ শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। এর নেপথ্যে মোটা অঙ্কের ঘুষ লেনদেন কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন কর্মকর্তার বিরুদ্ধে।
এ নিয়ে কয়েকজন ব্যবসায়ী ডিএনসিসির মেয়রের কাছে লিখিত অভিযোগও করেছেন। জানতে চাইলে মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, তিনি অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত করার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
ডিএনসিসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, নাখালপাড়া কাঁচাবাজারে ডিএনসিসির ৭৬ শতাংশ জায়গা দীর্ঘদিন অবৈধ দখলে আছে। গত ২৪ জানুয়ারি ছিল দখলদারদের উচ্ছেদের তারিখ। কিন্তু শেষ মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়। ওই কর্মকর্তা বলেন, দখলদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মেয়রের ব্যক্তিগত সহকারী (পিএস) সামছুল ইসলাম উচ্ছেদ কার্যক্রম স্থগিত করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, নাখালপাড়া কাঁচাবাজারের দোকানদারেরা সিটি করপোরেশনের ৭৬ শতাংশ জমির মালিকানা দাবি করে মামলা করেছিলেন। মামলার রায় সিটি করপোরেশনের পক্ষে আসে। ফলে অবৈধ দখলদারদের উচ্ছেদে আইনগত বাধা দূর হয়। ডিএনসিসির সম্পত্তি বিভাগের পক্ষ থেকে বিষয়টি মেয়র আনিসুল হককে জানানো হলে তিনি উচ্ছেদের অনুমতি দেন। উচ্ছেদ করার দায়িত্ব পেয়েছিলেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেয়রের পিএস সামছুল ইসলাম। কিন্তু তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এরপর উচ্ছেদের দায়িত্ব পান ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) মাহাবুবুর রহমান।
নাম না প্রকাশের শর্তে ডিএনসিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উচ্ছেদ করার দুই দিন আগে ২২ জানুয়ারি সামছুল ইসলাম সম্পত্তি বিভাগ থেকে এ বিষয়ে সারসংক্ষেপ চেয়ে নেন। এরপর সামছুল ইসলাম ২২ ও ২৩ তারিখ দখলদারদের সঙ্গে বৈঠক করেন বলে ওই কর্মকর্তা জানান। এর মধ্যে একটা পক্ষ চায় অবৈধ দখলদারেরা উচ্ছেদ হোক। এ পক্ষটি সেখানে ব্যবসা করে। তারাই মেয়রের কাছে লিখিতভাবে ঘুষ লেনদেনের অভিযোগ করে। তাতে বলা হয়, পিএস সামছুল ইসলাম অবৈধ দখলদারদের সঙ্গে বৈঠকে বলেছেন যে তিনি সব ‘ম্যানেজ’ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এটা কাল্পনিক অভিযোগ। উচ্ছেদের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না।’ তবে তিনি এ-ও বলেন, বর্তমানে যারা ওই জায়গার মালিকানা দাবি করেছে, কাগজপত্র তাদের পক্ষে। সব কাগজপত্র দেখে পরে আবার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে সামছুল ইসলামের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন ডিএনসিসির সম্পত্তি বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নাখালপাড়া কাঁচাবাজারে সিটি করপোরেশনের ৭৬ শতাংশ জায়গা আছে। সেখানে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে বর্তমানে আইনত কোনো বাধা নেই। আদালতের রায়ও সিটি করপোরেশনের পক্ষে। সব দিক বিবেচনা করেই গত মাসের ২৪ তারিখে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, এ বিষয়টি খতিয়ে দেখতে মেয়র তাঁকে বলেছেন। তিনি বলেন, ‘সামছুল ইসলামের টাকা নেওয়ার বিষয়ে শুনেছি। এখনো প্রমাণ পাইনি। ব্যবসায়ীদের কাছে জানতে চাইলেও তাঁরা কিছু বলতে রাজি হননি।’ নাখালপাড়া এলাকার দায়িত্বে থাকা ডিএনসিসির জরিপকারক মো. ফরিদুল ইসলামের সঙ্গেও অবৈধ দখলদারদের ঘনিষ্ঠতার অভিযোগ আছে। অবশ্য তিনি বলেছেন, ‘দখলদারদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। উচ্ছেদের সব কাগজ আমিই তৈরি করে দিয়েছিলাম। কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্থগিত হয়েছে।’
এ বিষয়ে গত রাতে মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, নাখালপাড়ার ওই বাজারে সিটি করপোরেশনের কিছু জায়গা আছে। সেখানে অনেক বহুতল ভবন গড়ে উঠেছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা আছে। হাইকোর্ট থেকে আদেশ নিয়ে উচ্ছেদ করতে হবে। তিনি বলেন, ‘আমার একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রধান নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করতে নির্দেশ দিয়েছি।’
ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে জানা গেছে, আশির দশকের শুরুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ১১টি বাজার ঢাকা সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়। নাখালপাড়া কাঁচাবাজারটি ছাড়া বাকি সব কটিই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে আছে। নাখালপাড়ার বাজারের দোকানদারেরা বিভিন্ন দলিলের মাধ্যমে জমির মালিক বলে দাবি করেন। তাঁরা সমিতি করে পুরো জায়গাটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।