আটকের পর পালানোর সময় পুলিশের গুলিতে নিহত ১
মৌলভীবাজারে আটকের পর পালাতে গিয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে শহরের গোবিন্দশ্রী এলাকার যমুনা পেট্রলপাম্পের কাছে এ ঘটনা ঘটে।
নিহত রুহেল আহমদ (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের শায়েস্তা মিয়ার ছেলে।
পুলিশের ভাষ্য, গতকাল রাতে আটকের পর পুলিশ সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান রুহেল। এতে মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালিকসহ (৪৫) চার পুলিশ সদস্য আহত হন। আবদুল মালিকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিনজন হলেন গাড়িচালক মো. বজুল (৩০), কনস্টেবল সালাউদ্দিন (২৫) ও ফখরুল ইসলাম (৫০)। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটকের পর রুহেল চাপাতি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে এসআই আবদুল মালিকের মাথা ও বাঁ হাত জখম হয়। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে রুহেল আহমদ গুলিবিদ্ধ হন। ওই অবস্থায় তিনি পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি ঝোপ থেকে আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রুহেল আহমদকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে তিনি বলেন, রুহেল ইয়াবা ব্যবসায়ী ছিলেন। পুলিশ তাঁকে ধরেছিল। তিনি পুলিশের ওপর হামলা চালান। তখন পুলিশ পাল্টা গুলি করে। আহত অবস্থায় হাসপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।