আটকের পর যুবদল কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় গত সোমবার রাতে মো. রনি (৩২) নামের এক যুবদলকর্মী গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি একটি সন্ত্রাসী বাহিনীর সহযোগী। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে নিহত রনির পরিবারের অভিযোগ, বিকেলে আটক করার পর রাতে তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার লতিফপুর গ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোলাইমান উদ্দিন ওরফে জিসানকে গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী জিসান বাহিনীর সহযোগী রনি নিহত হন। এ ঘটনায় তিন পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন বলে জানান তিনি।
তবে নিহত রনির বাবা মুকবুল আহমদ বলেন, সোমবার বিকেলে এলাকার কন্ট্রাক্টর ব্রিজ এলাকা থেকে পুলিশ রনিকে আটক করে। পরে রাতে লতিফপুরের মোস্তফার দোকানের পাশে নিয়ে গুলি করে হত্যা করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন জানান, রাত ১২টার দিকে পুলিশ রনিকে জরুরি বিভাগে নিয়ে আসে। কিন্তু অধিক রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
নিহত রনির বাবা মুকবুল বলেন, রনির বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তাঁর ছেলে ব্যবসা করতেন। হত্যার ঘটনা ধামাচাপা দিতেই পুলিশ বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীও রাতে ওই এলাকায় বন্দুকযুদ্ধের কোনো ঘটনা ঘটেনি বলে এই প্রতিবেদককে জানান।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম জানান, রনি যুবদলের কর্মী ছিলেন। এ কারণেই তাঁকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।