আটকের পর র‍্যাবের পিটুনি, যুবকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাজহারুল ইসলাম
মাজহারুল ইসলাম

নওগাঁর মান্দা উপজেলার কৈবর্ত্তপুর গ্রামে আটকের পর র‍্যাব সদস্যের পিটুনিতে এক যুবক মারা গেছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তবে র‍্যাব বলছে, আটক করে নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মাজহারুল ইসলাম (৩০)। তিনি কৈবর্ত্তপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। পরিবার বলছে, মাজহারুল কৃষিকাজ করতেন। আর র‍্যাব বলেছে, অস্ত্র কেনাবেচার সময় মাজহারুলকে আটকের পর তাঁর কাছ থেকে ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।

মাজহারুলের স্ত্রীর বড় ভাই মো. আলম, মামা মোখলেসুর রহমান ও ভগ্নিপতি হাফিজুর রহমান অভিযোগ করেন, গত শুক্রবার রাত নয়টার দিকে মান্দার সিঙ্গারহাট বাজারে একটি চায়ের দোকান থেকে মাজহারুলকে ধরেন র‍্যাবের ১০-১২ জন সদস্য। সেখানে তাঁকে বেদম মারধর করা হয়। পরে তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে দোতলায় একটি কক্ষে আটকে রাখা হয়। রাত প্রায় একটা পর্যন্ত তাঁর ওপর নির্যাতন চলে। রক্তাক্ত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করার কথা বলে তাঁকে বাড়ি থেকে নিয়ে যান তাঁরা। গতকাল শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ভোর সাড়ে চারটায় এ হাসপাতালে তাঁর লাশ রেখে যান র‍্যাব-৫-এর সদস্য পরিচয়ে কিছু লোক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছিল। মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গতকাল দুপুরে রাজশাহী মেডিকেলের হিমঘরে মাজহারুলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মর্গে গিয়ে দেখা যায়, সাদা গেঞ্জি আর লুঙ্গি পরা অবস্থায় একটি ট্রলিতে লাশটি রাখা। লুঙ্গির নিচে রক্তে ভিজে গেছে। হাতের কবজি ও কনুইয়ে আঘাতের চিহ্ন। পিঠ ও কোমরের নিচে কালচে দাগ। দুই পায়ের পাতা ফোলা।

সুরতহাল প্রতিবেদন তৈরির সময় উপস্থিত রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রহিমা সুলতানা বুশরা বলেন, ‘আমরা সুরতহাল প্রতিবেদনে সবকিছু উল্লেখ করেছি। আঘাতগুলো কিসের তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদনে বিষয়টি বোঝা যাবে।’

মাজহারুলের বাবা আনিসুর রহমান বলেন, ‘র‍্যাব সদস্যরা আমার বাড়িঘর সব তল্লাশি করছে। তন্নতন্ন করে দেখছে। তল্লাশি করার পর কিচ্ছু পায়নি।’

রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অন্য কোনো অভিযোগ আমরা পাইনি।’

জানতে চাইলে র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম প্রথমআলোকে বলেন, র‍্যাব সদস্যরা জানতে পারেন মান্দার একটি জায়গায় অস্ত্র কেনাবেচা করা হবে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তাঁর কাছে থাকা ছয়টি গুলি পাওয়া যায়। অস্ত্র কোথায় আছে জানতে চাইলে মাজহারুল বলেন বাড়িতে আছে। তাঁকে বাড়িতে নিয়ে তল্লাশি করে অস্ত্র পাওয়া যায়নি। এরপর তিনি আরও ৮-১০টি স্থানে অস্ত্র লুকিয়ে রাখার কথা বলেন। কিন্তু সেসব জায়গায় অভিযান চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে তাঁকে নিয়ে রাজশাহী র‍্যাব কার্যালয়ের উদ্দেশে রওনা দেওয়া হয়। পথে অসুস্থ হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ধরার সময় ধস্তাধস্তিতে তাঁর কনুই ছিলে যায়। এরপর গ্রামের ঝোপঝাড়ে
অভিযান চালাতে গিয়ে কিছুর সঙ্গে লেগে পায়ে জখম হয়ে থাকতে পারে। হাতকড়া পরিয়ে অভিযান চালানো হয়েছিল। তাই হাতে হাতকড়ার দাগ থাকতে পারে।