আটকের পর 'বন্দুকযুদ্ধের' নামে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম ওবায়দুর রহমান শিকদার (৩২)। তাঁকে ডাকাত বলছে পুলিশ। আর পরিবার বলছে, তিনি ব্যবসায়ী ছিলেন। আটকের পর ‘বন্দুকযুদ্ধের’ নামে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত ওবায়দুরের বাড়ি উপজেলার বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম মেসবাউল শিকদার।

পুলিশের ভাষ্য, গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রামকান্তপুর ব্রিজ এলাকায় মাগুরা-যশোর সড়কে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের সদস্য ওবায়দুর নিহত হন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খানের ভাষ্যমতে, গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির চেষ্টার খবর পায় পুলিশ। দিবাগত রাত পৌনে দুইটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। পরে নিহত ব্যক্তির নাম-পরিচয়ের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। নিহত ওবায়দুরের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে যশোর, মাগুরা ও শালিখা থানায় চারটি মামলা রয়েছে।

মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়ের দাবি, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও গাছ কাটার করাতসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে নিহত ওবায়দুরের লাশ আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ওবায়দুরের বাবা মেসবাউল শিকদার প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলে পেঁয়াজের ব্যবসা করতেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সীমাখালী বাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। যোগাযোগ করলে আটকের বিষয়টি অস্বীকার করে পুলিশ। এখন পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ ওবায়দুরের নিহত হওয়ার কথা বলছে।

মেসবাউল বলেন, কেউ অপরাধী হলে তাঁর বিচারের জন্য আইন-আদালত আছে। কিন্তু পুলিশ বিচার ছাড়াই ওবায়দুরকে গুলি করে হত্যা করল।

আরও পড়ুন: