আটকের পর 'বন্দুকযুদ্ধে' নিহত এক ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটকের ১০ ঘণ্টা পর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শিবপাশা সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ডাকাত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম (৩৫) বানিয়াচং উপজেলার মাদারীটুলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সাইফুল ডাকাত দলের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে একটি হত্যা, চারটি ডাকাতি ও চারটি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গত বুধবার বিকেল পাঁচটার দিকে পুলিশ উপজেলার ইউসুফপুর গ্রামের ইছমত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাইফুল ও তাঁর সহযোগী মন্তাজ মিয়াকে আটক করে। রাত তিনটার দিকে অস্ত্র উদ্ধার ও ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে সাইফুলকে সঙ্গে নিয়ে বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জন এলাকায় যায় পুলিশের একটি দল। দিঘীরপার সেতুর ওপর পৌঁছালে রাস্তার দুই পাশ থেকে সাইফুলের সহযোগীরা পুলিশকে ঘিরে ফেলে এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতদের একটি গুলি সাইফুলের বুকে লাগে। হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। তাঁরা হলেন বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আজম উদ্দিন, পাহাড়পুর গ্রামের আবদুল বারী ও মনু মিয়া। তাঁদের গায়ে শটগানের গুলি লেগেছে। এ ঘটনায় বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায় (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য। তাঁদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি কার্তুজ, আটটি গুলির খোসা এবং চারটি রামদা উদ্ধার করা হয়েছে।
নিহত সাইফুলের মা জরিনা বেগম বলেছেন, তাঁর ছেলে কয়েক বছর আগে থেকে বাড়িছাড়া। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।