কুষ্টিয়ায় কলেজছাত্র সাগর সাহাকে অপহরণ এবং লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি পুলিশের হাতে আটকের সাড়ে সাত ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গত সোমবার রাত চারটার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর বেড়িবাঁধ এলাকার একটি কলাবাগানে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হকের (৩০) বাড়ি সদর উপজেলার শিবপুর গ্রামে। তিনি ঢাকা-কুষ্টিয়া রুটের একটি বাসে সুপারভাইজারের কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলমের ভাষ্যমতে, এনামুলকে রোববার রাতে শিবপুর গ্রাম থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের সহযোগীদের ব্যাপারে তথ্য দেন। পরে এনামুলকে নিয়ে রাত সাড়ে তিনটার দিকে হরিনারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় অভিযানে গেলে তাঁর সহযোগীরা পুলিশেকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ ধরে ‘বন্দুকযুদ্ধের’ পর হামলাকারীরা পিছু হটে। তখন এনামুলকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুপুরে হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়। আবদুল মান্নান নামে এক প্রতিবেশী এনামুলের লাশ গ্রহণ করে বাড়ি নিয়ে যান। তিনি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর থেকে এনামুলের পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে অন্যত্র চলে গেছেন। তাই স্বজনদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সদর উপজেলার শিবপুর গ্রামের ব্যবসায়ী প্রদীপ সাহার ছেলে সাগরকে বুধবার সন্ধ্যায় স্থানীয় হরিনারায়ণপুর বাজার থেকে অপহরণ করা হয়। পরে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তাঁর বাবাকে ফোন করা হয়। অপহৃত হওয়ার তিন দিন পর শনিবার রাতে শিবপুর গ্রামের পরিত্যক্ত একটি শৌচাগারের ভেতর থেকে সাগরের লাশ উদ্ধার করা হয়।
ওসি ছাব্বিরুল বলেন, অপহরণের পর এনামুল তাঁর ঘরের মধ্যে হাত-পা বেঁধে শ্বাসরোধে সাগরকে হত্যা করেন। এরপর বস্তাবন্দী করে বাড়ির পেছনে পরিত্যক্ত শৌচাগারের ভেতরে ফেলে দেন। এই হত্যাকাণ্ডে বেশ কয়েকজন অংশ নেন।