আটকের পর 'বন্দুকযুদ্ধে' নিহত 'অপহরণকারী'
রংপুরের পীরগঞ্জের চণ্ডীপুর এলাকায় গত সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হুমায়ুন কবীর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অপহরণের ঘটনায় আটক করে ওই দিন বিকেলে হুমায়ুনসহ পাঁচজনকে পুলিশে দিয়েছিল এলাকার মানুষ।
নিহত হুমায়ুন কবীর বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের বাসিন্দা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলায় হুমায়ুনসহ পাঁচ অপহরণকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে জনতা। অপহরণকারীরা ১১ লাখ টাকাসহ হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পালাচ্ছিল। এ সময় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে অপহরণকারীদের মাইক্রোবাস উল্টে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা টাকাসহ ব্যবসায়ীকে উদ্ধার করেন এবং পাঁচ অপহরণকারীকে আটক করে পুলিশে দেন।
ওসির ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত তিনটার দিকে হুমায়ুনকে নিয়ে অস্ত্র উদ্ধার এবং অপহরণকারী চক্রের অন্য সদস্যদের ধরতে কুমেদপুর ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় হুমায়ুনের সহযোগীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়। একটি গুলি হুমায়ুনের মাথায় লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা লাশ নিতে আসেননি।
ওসি রেজাউল বলেন, ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার ঘটনায় ধরা পড়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ত। হুমায়ুন তাঁদের দলনেতা ছিলেন বলে জানিয়েছেন গ্রেপ্তার হওয়া অপর চারজন। ব্যবসায়ীর বাবা দুলা মিয়ার দায়ের করা অপহরণ মামলায় গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন ভোলার দৌলতখান উপজেলার সাব্বির আলী, চাঁদপুরের মতলবের মোহন মিয়া, সিরাজগঞ্জের উল্লাপাড়ার জাহাঙ্গীর আলম ও মাদারীপুর সদর উপজেলার ইউসুফ হাওলাদার।