আটকের ১১ ঘণ্টা পর 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটকের প্রায় ১১ ঘণ্টা পর সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর মোড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিদ্দিক তরফদার নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, সিদ্দিক ছিনতাইকারী। রোববার বেলা একটার দিকে তাঁকে আটক করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য, রোববার বেলা একটার দিকে সাতক্ষীরা শহরের কেষ্ট ময়রার মোড়ে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনগণ সিদ্দিককে ৫০ হাজার টাকাসহ আটক করে। পরে তাঁকে পুলিশে দেয়।
কামাল হোসেন বলেন, পলাতক ছিনতাইকারীদের আটক ও ছিনতাই করা অবশিষ্ট টাকা উদ্ধারের উদ্দেশ্যে সিদ্দিককে নিয়ে রাতে অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে রামচন্দ্রপুরে গেলে সিদ্দিকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় সহযোগীদের ছোড়া একটি গুলি সিদ্দিকের বাঁ পায়ে বিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি কার্তুজের খোসা ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়। সিদ্দিককে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ছিনতাই ও পুলিশের ওপর হামলার এ ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ছিনতাইয়ের শিকার হাবিবুর, অন্যটির বাদী পুলিশ।