আটঘরিয়ায় কৃষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকোল গ্রামের একটি মাঠ থেকে গতকাল শনিবার সাদেক আলী মৃধা (৫৯) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মারুফ হোসেন অজ্ঞাতনামা লোকদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের দাবি, সাদেক আলীকে শ্বাস রোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদেক গত শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে রাতে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন ফসলের মাঠে কাজ করতে গেলে তাঁর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
মারুফ হোসেন বলেন, তাঁর বাবা পেশায় কৃষক ছিলেন। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তিনি কখনো শোনেননি। তবে কোনো পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন।
আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, সাদেকের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মাঠে ফেলে রেখেছিল। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।