রাজধানীর মতিঝিলে টয়েনবি সার্কুলার রোডে হোটেল মতিঝিলের কক্ষে আবদুল হামিদ হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে।
এ আটজনের মধ্যে একটি শিপিং প্রতিষ্ঠানের মালিক তোফায়েল আহমেদ ও ব্যবস্থাপক আবদুল হান্নানকে পাঁচ দিনের করে এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হোটেলের ব্যবস্থাপক শহীদুল হকসহ ছয়জন কর্মীকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। হোটেলের পাঁচ কর্মী হলেন আবদুল মান্নান, সলিম মোল্লা, আবদুর রশীদ, শহীদুল ইসলাম ও আবদুল হক। হামিদকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল কক্ষে গুলি করে হত্যা করা হয়।
মতিঝিল থানার পুলিশ জানায়, হোটেল মতিঝিলে তোফায়েলের ভাড়া করা কক্ষে হামিদ খুন হওয়ার পর তোফায়েল ও হোটেলের বয় সলিম মোল্লাকে আটক করে থানায় নেওয়া হয়। গতকাল সকালে মতিঝিল এলাকা থেকে তোফায়েলের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হান্নান ও হোটেল মতিঝিল থেকে বাকি পাঁচজনকে আটক করা হয়।
হামিদ হত্যার ঘটনায় গতকাল সকালে তাঁর ভাতিজা জিয়াউদ্দিন বাবর বাদী হয়ে তোফায়েল ও তাঁর প্রতিষ্ঠানের তিন কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামিদের যোগসূত্র থাকতে পারে। এ মামলায় তোফায়েল ও হান্নানকে গ্রেপ্তার দেখানো হয়। হোটেলের ছয় কর্মীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। এ আটজনকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের অদালতে পাঠানো হয়।
জিয়াউদ্দিন অভিযোগ করেন, তাঁর চাচা খুন হওয়ার সময় তোফায়েলের সঙ্গে তাঁর ব্যবস্থাপক হান্নানও হোটেল কক্ষে ছিলেন। তাঁদের সন্দেহ, তাঁরাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
গতকাল বিকেলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এজাহারভুক্ত আসামি তোফায়েল ও তাঁর তিন কর্মী এবং হামিদ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচয়পত্র তৈরির ঠিকাদারি করতেন। লেনদেন নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
হোটেল মতিঝিলের দ্বিতীয় তলার ২০৩ নম্বর কক্ষে হামিদকে হত্যা করা হয়। কক্ষটি বে অব বেঙ্গল শিপিং নামের প্রতিষ্ঠানের মালিক তোফায়েলের ভাড়া নেওয়া। তিনি হামিদকে ওই কক্ষে নেওয়ার পর ঘটনাটি ঘটে। অবশ্য তোফায়েলের দাবি, দুই দুর্বৃত্ত হামিদকে গুলি করে পালিয়ে যায়। হামিদ দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষে উঠেছিলেন।