চট্টগ্রামের লালখান বাজার এলাকায় মো. খোকন সরকার নামের এক যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে খোকনের বড় বোন মমতাজ বেগম খুলশী থানায় এই মামলা করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার শরিফ আহম্মেদ ওরফে টেম্পো শরিফ, শরিফ রহমান ওরফে সুন্দরী শরিফ, মো. সোহাগ ও রেজাউল করিম ওরফে রাজু এবং তাঁদের বন্ধু ফজলে রাব্বীসহ আটজনকে মামলার আসামি করা হয়েছে।
ওসি জানান, ফজলে রাব্বীর বাবা হেলাল মণ্ডলকেও আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ মে লালখান বাজারের পরিত্যক্ত একটি ভবনে খোকন সরকারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ৩০ মে লাশটি উদ্ধার করা হয়। তখন লাশটি ফজলে রাব্বীর বলে দাবি করেন তাঁর বাবা হেলাল মণ্ডল। ময়নাতদন্ত শেষে লাশটি হেলাল মণ্ডলের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে দাফন করা হয়। পুলিশ জানায়, লাশটি রাব্বীর না হলেও কেন তাঁর বাবা নিজের ছেলের লাশ বলে দাবি করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।