আটজনকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দুর্নীতির মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার এঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

সূত্র জানায়, জালিয়াতি করে অর্থ আত্মসাতের মামলায় যশোরের নাভারনের জাপান–বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সনৎ কুমার ভাস্কর, হিসাবরক্ষক শরীফুল ইসলাম ও ঠিকাদার জালাল উদ্দিনকে যশোর থেকে গ্রেপ্তার করে দুদক।
জনতা ফাইন্যান্স নামের একটি প্রতিষ্ঠানের হয়ে গ্রাহকদের কাছ থেকে ৮০ লাখ টাকার বেশি এবং ৪০০ ভরি স্বর্ণালংকার আত্মসাতের মামলায় শরীফ আহমেদ, সুধীর কুমার মণ্ডল ও সাইফ উদ্দিন আহমেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুয়া আমমোক্তারনামায় খাসজমি হেবা দলিল করে পাঁচ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের মামলায় নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে এ কে এম সাইফুদ্দিন তরুণ নামের একজনকে।
ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলায় জয় ইন্টারন্যাশনালের মালিক মণি সিংহকে গত শুক্রবার ঢাকা থেকে গ্রেপ্তার করে দুদক।