ঋণ জালিয়াতির দুটি অভিযোগ অনুসন্ধানে আটজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে তিনটি আর্থিক প্রতিষ্ঠানের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সাবেক পাঁচ ব্যাংক কর্মকর্তা রয়েছেন। গতকাল মঙ্গলবার দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান দল সংস্থাটির প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে।
বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শান্তনু সাহা, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট কামাল পাশা এবং আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মুশতাক আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে।
ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ীর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে সিটি ব্যাংকের সাবেক পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল। যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন মাসুদ আল ফারুক, মো. মিজানুর রহমান, মো. আবদুল কুদ্দুস, মো. শওকত আলী ও সৈয়দ ফাখরী ফয়সাল।