আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, দুজন গ্রেপ্তার
একাত্তরে মুক্তিযুদ্ধকালে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইনসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁরা সবাই জামালপুর জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে দুজনকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল এই আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। রাষ্ট্রপক্ষ বলেছে, মুক্তিযুদ্ধকালে তাঁদের বিরুদ্ধে ১০ হাজার মানুষকে হত্যা ও ৭৫ হাজার ঘরবাড়ি লুট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
পরোয়ানাভুক্ত আটজন হলেন আশরাফ হোসাইন (৬৪), শরীফ আহমেদ (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫), শামসুল হক (৭৫) ও এ কে এম ইউসুফ আলী (৮৩। তাঁদের বিরুদ্ধে ৩০ মার্চের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার আদেশ দেওয়া হয়েছে।
জামালপুর সদর থানার পুলিশ সূত্র জানায়, ট্রাইব্যুনালের পরোয়ানা বিকেল চারটার দিকে সদর থানায় পৌঁছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে শহরের নয়াপাড়ার নিজ বাড়ি থেকে শামসুল হককে ও ফুলবাড়িয়ার ইউসুফ আলীকে জাহেদা শফির মহিলা কলেজ গেট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরোয়ানা থাকা বাকি ছয়জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।