আটটি পরিবারের বসতঘর ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাড়া গ্রামের আট পরিবারের বসতঘর ভেঙে দিয়েছেন যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ২৮টি মেহগনিগাছও কেটে ফেলেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা গেছে, বড় মাঝিপাড়া গ্রামের বসতবাড়ি ভেঙে ফেলা পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসে আছেন। আর বাঁশের খুঁটি, বেড়া, টিনসহ বাড়িঘরের যাবতীয় আসবাব ভাঙচুর অবস্থায় মাটিতে পড়ে আছে। বেশ কিছু চালও ছড়িয়ে-ছিটিয়ে মেঝেতে পড়ে রয়েছে। বাড়ির একমাত্র নলকূপটিও ভেঙে ফেলা হয়েছে। বাড়ির উঠানে ও ঘরের পাশে বেশ কিছু কাটা গাছ পড়ে রয়েছে।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আবদুস ছালাম, সিরাজুল ইসলাম ও আবদুল মোত্তালেব অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে ৩০-৩৫ জন যুবক রামদা, হাঁসুয়া, কুড়াল, সামুরাই ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িঘর ভাঙচুর শুরু করেন। এ সময় পুলিশকে মুঠোফোনে জানালে কিছুক্ষণ পর তিনজন পুলিশ আসে। ওই পুলিশের সামনেই ভাঙচুর চলতে থাকে। পরে আরও পাঁচজন পুলিশ ঘটনাস্থলে এলেও তারা ভাঙচুরে বাধা দেয়নি। সন্ত্রাসীরা প্রায় দেড় ঘণ্টা ভাঙচুরের পর পুলিশের সামনে দিয়েই চলে যায়। তারা আটটি পরিবারের টিন ও উলুখাগড়ার বেড়ার তৈরি বসতবাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ ছাড়া বাড়ির পাশে লাগানো এক বছর বয়সের ২৮টি মেহগনিগাছও কেটে ফেলা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশের উপস্থিতিতে ভাঙচুর করার অভিযোগ সত্য নয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ভ্যানচালক আবদুস ছালাম ও সিরাজুল ইসলাম অভিযোগ করেন, একই গ্রামের প্রতিবেশী আকবর আলী ও তাঁর ছেলেরা সন্ত্রাসীদের ভাড়া করে এনে এই ভাঙচুর চালিয়েছেন। কয়েক বছর আগে আকবর আলী তাঁদের বসতবাড়ির মালিকানা দাবি করে বাড়িঘর ভাঙচুর করেন। বাড়িগুলোতে বসবাস করা অবস্থায় আকবর আলী ভাঙচুর ও জবরদখল নেওয়ার ভয়ভীতি দেখান।
আকবর আলী জায়গাটি তাঁর নিজের দাবি করে বলেন, ‘জায়গাটি আমার কেনা, বরং বসবাসকারীরা জোর করে তা দখলে রেখেছে। ওই জায়গা থেকে তাঁদের উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন থানা-পুলিশকে বলেও কোনো লাভ হয়নি। ফলে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের উচ্ছেদ করার দায়িত্ব নিয়ে এ ভাঙচুর করেছেন। ভাঙচুরের সময় আমি বা আমার পরিবারের কেউ উপস্থিত ছিলাম না।’
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও ভাদসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী মণ্ডল জানান, হতদরিদ্র আটটি পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। তাঁরাই ওই জমির প্রকৃত মালিক। এসব পরিবারের সবাই আওয়ামী লীগের কর্মী ও সমর্থক। স্থানীয় কথিত যুবলীগ নামধারীরা আকবর আলীর পক্ষ নিয়ে বাড়িঘর ভেঙে আটটি পরিবারকে পথে বসিয়েছে। ওই এলাকায় যুবলীগের কতিপয় নেতা-কর্মীর কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ বলেও তাঁরা অভিযোগ করেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা বলেন, যুবলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।