আটটি পিস্তল ও ১৪০টি গুলিসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি-চকঘোড়াপাখিয়া এলাকা থেকে বিদেশি আটটি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ১৪০টি গুলিসহ আলাউদ্দীন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার সকালে এ অভিযান চালানো হয়।

র‍্যাবের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে এসব অস্ত্র পাচার করে আনা হয়েছিল।

আটক আলাউদ্দীন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের বাসিন্দা।

দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ আলাউদ্দীনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ সময় র‌্যাব-৫ রাজশাহী অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল শনিবার দিবাগত সারা রাত চকঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালায়। আজ রোববার সকাল সোয়া আটটার দিকে একটি সাইকেলযোগে অস্ত্র ও গুলিগুলো নিয়ে যাওয়ার সময় র‌্যাব আলাউদ্দীনকে আটক করে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই এ অস্ত্রগুলো আনা হয়েছে বলে দাবি করেন র‌্যাবের এই কর্মকর্তা।