আটপাড়ায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতীতে খায়রুল ইসলাম (৩০) নামের কৃষক লীগের এক নেতাকে গত শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুবৃ‌র্ত্তরা। এলাকাবাসী রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটপাড়ার তেলিগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি গৌরীনগর গ্রামের খায়রুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী শ্রীধরপুর গ্রামের বিএনপির সমর্থক আওলাদ হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে তেলিগাতী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা বাড়ির অদূরে খায়রুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খায়রুল ইসলামের চাচাতো ভাই হুমায়ুন গতকাল শনিবার রাত আটটার দিকে প্রথম আলোকে জানান, খায়রুলকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে খায়রুলের বাঁ হাত এবং ডান হাতের কবজি কেটে ঝুলে আছে। এ ছাড়া তাঁর ডান পা কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সন্ত্রাসীরা।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসহ অন্যান্য বিষয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন খায়রুল ইসলামকে কুপিয়ে আহত করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।