আটপাড়া ও দাউদকান্দিতে দুই খুন মাদারগঞ্জে শিশুর লাশ উদ্ধার
নেত্রকোনার আটপাড়ায় গতকাল বৃহস্পতিবার হাবুল মিয়া নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে সাদ্দাম হোসেন নামের এক শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আটপাড়ায় খুন হওয়া হাবুল মিয়া (৩০) ওই উপজেলার শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। দাউদকান্দিতে খুন হয়েছেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের মনু মিয়ার ছেলে সাদ্দাম (২৪)। মাদারগঞ্জে উদ্ধার হওয়া শিশুর পরিচয় জানা যায়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: হাবুল মিয়ার পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাবুল মিয়া গবাদিপশুর পরিচর্যা করার জন্য গতকাল ভোরে বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ছয়টার দিকে একই গ্রামের মৃত বিরাম খাঁর ছেলে মো. ইমরান বাড়ির পাশে হাবুল মিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন সেখানে এসে তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির বড় ভাই কায়সার ইমরান বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর ভাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আটপাড়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, হাবুল মিয়ার গলার উপরিভাগে কালো দাগ দেখা গেছে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
দাউদকান্দি (কুমিল্লা): সাদ্দামের ফুফাতো ভাই মাকসুদ আলম জানান, তিনি ও সাদ্দাম স্থানীয় দোনারচর গ্রামে ভাড়া বাসায় থেকে নদীর পাড়ে বালু তোলার কাজ করতেন। গতকাল রাত তিনটার দিকে সাদ্দামসহ তাঁরা মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা এলাকায় কাজে যান। ভোররাত সাড়ে চারটার দিকে সাদ্দাম শরীর খারাপ লাগছে বলে বাসায় ফিরে যাচ্ছিলেন। পথে মসজিদের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর বুকে ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দাউদকান্দি থানার এসআই সৈয়দ মোশারফ হোসেন বলেন, দুর্বৃত্তরা সাদ্দামকে কেন ছুরিকাঘাত করল, তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সুনামগঞ্জে পাঠানোর চেষ্টা চলছে।
মাদারগঞ্জ (জামালপুর): গতকাল বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবাদি জমি থেকে ভাসমান অবস্থায় প্রায় নয় বছর বয়সী এক ছেলেশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল জানান, ছেলেটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ছেলেটির পরনে কালো জিনস প্যান্ট ও গেঞ্জি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।