আটপাড়ায় গৃহবধূ ও ইসলামপুরে কৃষকের লাশ উদ্ধার
নেত্রকোনার আটপাড়া উপজেলায় গত বুধবার সন্ধ্যায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জামালপুরের ইসলামপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের শরিফ তালুকদারের স্ত্রী আলিমুন্নেছা ওরফে উপমা (১৯) ও জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচর গ্রামের রহিম বাদশা (৫০)। উপমা নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহত উপমার স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের নাগড়া এলাকায় আলী আহাম্মদ লস্করের মেয়ে উপমার সঙ্গে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের সাদেক তালুকদারের ছেলে শরিফ তালুকদারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে শরিফ তাঁর স্ত্রীকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। গত বুধবার সন্ধ্যার একটু আগে শ্বশুরবাড়ির লোকজন উপমার শয়নকক্ষের আড়ায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। উপমার বাবা অভিযোগ করেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই আমার মেয়েকে তার স্বামী যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সে আত্মহত্যা করেছে, তা আমার বিশ্বাস হচ্ছে না।’
ঘটনার পর থেকে শরিফ পলাতক রয়েছেন। তাঁর বাবা সাদেক তালুকদারের মুঠোফোনও বন্ধ। এ কারণে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর বলা যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত নয়টার দিকে কৃষক রহিম বাদশা ইসলামপুরের পোড়ারচর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বাইবন্ধা ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের একটি ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ইসলামপুর থানার ওসি দ্বিন-ই-আলম বলেন, নিহত ব্যক্তির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনা সম্পর্কে জানা যাবে।