বাহুবল ও হোমনায় সংঘর্ষ, একজন নিহত, আহত ২২
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মহিষদুলং গ্রামে গাছ রোপণের ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছে। মাছ ধরার ঘটনা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার হোমনায় দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। এখানে এক পক্ষ মাইকে ঘোষণা দিয়ে অন্য পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাহুবলে সংঘর্ষে নিহত হওয়া ব্যক্তির নাম মোজ্জাম্মিল মিয়া (৬০)। তাঁর বাড়ি উপজেলার মহিষদুলং গ্রামে। পুলিশ গতকাল তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি বাহুবল উপজেলার মহিষদুলং গ্রামের একটি বিরোধপূর্ণ জায়গায় গাছ রোপণ করেন গ্রামের ছগির মিয়া ও তাঁর লোকজন। ওই জমি নিজের দাবি করে গাছ রোপণে বাধা দেন একই গ্রামের মোজাম্মিল মিয়া। এ বাধা উপেক্ষা করে তাঁর প্রতিপক্ষ কিছু গাছ রোপণ করে। গতকাল সকাল আটটার দিকে মোজাম্মিল মিয়া এ গাছগুলো কাটতে শুরু করলে আবারও উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় বল্লমের আঘাতে গুরুতর আহত মোজাম্মিল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সিলেট নেওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এই ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
হোমনা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হোমনা উপজেলার গোয়ারীভাঙ্গা ও লটিয়া গ্রামের মাঝামাঝি অবস্থিত শৃঙ্খল খালে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে ১ নভেম্বর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার মীমাংসা করতে গত বুধবার গোয়ারীভাঙ্গা গ্রামে এক সালিস বৈঠক বসে। এতেও বিষয়টির মীমাংসা হয়নি। এ কারণে বুধবারই লটিয়া গ্রামের আমির হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওই ঘটনার সূত্র ধরে গতকাল সকাল আটটার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে গোয়ারীভাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেন, আবু কালাম, মো. সেলিম, আশাদ মিয়া, শফিকুল ইসলাম, হালিমা আক্তার, শেফালী বেগম, মো. ফরিদ, আবদুল বাতেন এবং লটিয়া গ্রামের জিলানী ও রাছেল মিয়া আহত হন। তাঁদের মধ্যে মোফাজ্জল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়ারীভাঙ্গা গ্রামের বাসিন্দা মো. নুরনবী অভিযোগ করেন, গতকাল সকালে লটিয়া গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে গোয়ারীভাঙ্গা গ্রামে হামলা চালিয়েছে। এ সময় তারা ছয়টি বাড়ি ভাঙচুর করে এবং টাকা, স্বর্ণালংকারসহ মালপত্র লুট করে নিয়ে যায়।
লটিয়া গ্রামের বাসিন্দা আবদুস সোবহান ওই অভিযোগ অস্বীকার করেন, ‘আমরা কোনো লুটপাট করিনি। তবে দুই-একটি ঘর ভাঙচুর করেছে কিছু ছেলেপেলে।’
হোমনা থানার ওসি রসুল আহাম্মেদ নিজামী বলে বলেন, ওই এলাকায় শৃঙ্খলা রক্ষায় লটিয়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।