আটপাড়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়ায় আজ বুধবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই ভাঙচুর চালিয়েছে। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যান। ঘণ্টাখানেক পর কিছু লোক লাঠিসোঁটা নিয়ে আটপাড়া উপজেলার তেলিগাতি মোড় এলাকায় বিএনপির কার্যালয়ে ঢুকে অন্তত চেয়ার ও টেবিল তছনছ করে এবং কার্যালয়ের দেয়ালে থাকা কয়েকটি ছবি ভাঙচুর করে। এ সময় কার্যালয়ে বিএনপি সমর্থিত দুজন কর্মী ছিলেন। দুর্বৃত্তরা হামলা করলে তাঁরা পালিয়ে যান।
আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি সম্পর্কে উসকানিমূলক কথা বলে এবং জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে হামলা চালিয়েছে। থানায় ফোন করার পর কয়েকজন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
জানতে চাইলে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, ‘আমাদের দলীয় কোনো নেতা-কর্মী বিএনপি অফিসে হামলা চালায়​নি। এখানে বিএনপির মধ্যে দুটি পক্ষ আছে। হয়তো একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে।’
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘আমি বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম। শুনেছি বিএনপি অফিসের কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। তবে কেউ লিখিতভাবে অভিযোগ করেনি।’