আটার সঙ্গে লবণ মিশিয়ে তৈরি হয় ক্যাপসুল!

ক্যাপসুলের খোসা কিনে সেই খোসার ভেতরে আটা ও লবণ মিশিয়ে এসিআই কোম্পানির ফ্লুক্লক্স ৫০০ মিগ্রা (ফ্লুক্লক্সাসিলিন) অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বানাতেন মো. রাসেল। পরে চারটি করে ক্যাপসুল যন্ত্রের সাহায্যে ছাপানো অ্যালুমিনিয়ামের ফয়েলে ঢোকাতেন। পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় আমির মার্কেটে নিজের দোকানে এবং কেরানীগঞ্জে নিজের বাসায় মো. রাসেল এই নকল ওষুধ তৈরি করতেন।
বিভিন্ন নামকরা ওষুধ কোম্পানির নামে নকল ওষুধ তৈরি করার অভিযোগে গতকাল বুধবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত আমির মার্কেটে অভিযান চালিয়ে ওষুধের দোকানের মালিক মো. রাসেলকে গ্রেপ্তার করেছেন। আদালত দোকান, গুদাম ও কেরানীগঞ্জের তাঁর বাড়ি থেকে নকল ওষুধ এবং ওষুধ তৈরির উপকরণ উদ্ধার করেন।
র্যাব সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আমির মার্কেটের নিচতলায় রাসেলের দোকান ও তিনতলার গুদামে অভিযান চালান। পরে ভ্রাম্যমাণ আদালত রাসেলের কেরানীগঞ্জের কুশিয়ারবাগের বাড়িতেও অভিযান চালান। আদালত দোকান, গুদাম ও বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল অ্যান্টিবায়োটিকসহ শ্বাসকষ্টের ওষুধ, উচ্চমানের মিনারেল, ভিটামিন ও ক্যালসিয়াম উদ্ধার করেন। এর সবগুলোর জন্য এসিআই, বেক্সিমকো, স্কয়ারসহ বিভিন্ন নামকরা ওষুধ কোম্পানির মোড়ক ব্যবহার করতেন। এ ছাড়া ওষুধ তৈরির যন্ত্রপাতি, উপকরণ, মোড়ক ও লেবেল উদ্ধার করেন আদালত।
বেলা দুইটা পর্যন্ত চলা এই অভিযানে র্যাব-১০-এর একটি দল ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত নকল ওষুধ তৈরি এবং বিক্রি করার অভিযোগে রাসেলের বিরুদ্ধে কোতোয়ালি ও কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন।
সূত্র জানায়, আদালতের জিজ্ঞাসাবাদে রাসেল বলেন, ১০ বছর ধরে তিনি নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত। প্লাস্টিকের কারখানা থেকে ওষুধের কৌটা ও মুখ বানিয়েছেন। বিভিন্ন কোম্পানির স্টিকার ছাপাখানা থেকে ছাপিয়ে আনতেন। যুক্তরাষ্ট্রের দামি কিছু ওষুধও নকল করে বিক্রি করে আসছিলেন।
মার্কেটের নিরাপত্তাকর্মী মোহাম্মদ হোসেন বলেন, প্রতিদিন মার্কেট বন্ধ হওয়ার পর রাসেল দোকানে ও গুদামে বসে নকল ওষুধ তৈরি করতেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, ক্যাপসুল ছাড়া অন্য সব ওষুধেই রাসেল নিম্নমানের ক্যালসিয়াম জাতীয় উপাদান মেশাতেন। রাসেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এই আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
আনোয়ার পাশা আরও জানান, ২০১২ সালের ১২ ডিসেম্বর রাসেলের দোকান ও বাসায় নকল ওষুধ তৈরির অভিযোগে তাঁকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। সিলগালা করে দেওয়া হয়েছিল দোকান। জামিনে বেরিয়ে এসে রাসেল আবার নকল ওষুধ তৈরি শুরু করেন।