আঠারবাঁকী নদী থেকে অবৈধ ভবন উচ্ছেদ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়নে আঠারবাঁকী নদী থেকে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাহী হাকিম ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের উপস্থিতিতে তিনতলা ভবনটি ভেঙে ফেলা হয়।
পাউবোর কর্মকর্তারা বলেন, আঠারবাঁকী নদীর ওই অংশের একপাশে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়ন ও অন্য পাশে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়ন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় শুকিয়ে যাওয়া নদীটির খননকাজ চলছে। খননে ১৯৬২ সালে তৈরি করা এসএ ম্যাপ অনুসরণ করা হচ্ছে। কিন্তু খনন করতে গিয়ে দেখা যায়, নদীর মাঝ বরাবর ভবনটি পড়েছে। নদী সঠিকভাবে খননের স্বার্থে ভবনটি ভেঙে ফেলতে হয়েছে। ভবন ভেঙে ফেলার আগে নিজ দায়িত্বে তা সরিয়ে নিতে একাধিকবার বাড়ির মালিককে নোটিশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাড়ির মালিক মেহেদী হাসান বলেন, প্রায় ১১ বছর আগে জমিটি তিনি ওই এলাকার এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন। পরে তিনি সেখান ভবনটি তৈরি করেন। ভবন ভেঙে ফেলতে পাউবো থেকে কয়েকবার নোটিশও করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আজ (গতকাল) ভবন ভাঙা হতে পারে—এমন কোনো নোটিশ আগে আমাকে করা হয়নি। এ কারণে ভবন থেকে কোনো জিনিসপত্র সরাইনি।’
অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শাহরিয়ার।