আড়াই কোটি টাকার কাজ আ.লীগ-যুবলীগ ভাগাভাগি
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাথর সরবরাহ ও সীমানাপ্রাচীর নির্মাণের দুটি কাজের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা কাজ দুটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন।
এ কাজ দুটি হলো দুই হাজার কিউবিক মিটার পাথর সরবরাহ এবং ‘খুলনা-বেনাপোল স্টেশন রিমডেলিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন’ প্রকল্পের আওতায় খুলনা স্টেশনের সীমানাপ্রাচীর নির্মাণ। এগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ২ কোটি ৬২ লাখ টাকা। পাথর সরবরাহের কাজটির প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৮৩ লাখ টাকা ও সীমানাপ্রাচীরের ৭৯ লাখ টাকা।
রেলওয়ে সূত্র জানায়, কাজ দুটির জন্য পশ্চিম রেলওয়ের প্রধান প্রকৌশলী মাহাবুবুল হক বকশীর কার্যালয় থেকে দুটি দরপত্র আহ্বান করা হয়। ৫ জুলাই দরপত্র কেনার এবং গতকাল সোমবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
কয়েকজন ঠিকাদার বলেন, দুটি কাজের প্রায় ৫০টি করে দরপত্র বিক্রি হয়েছে। কিন্তু গতকাল দরপত্র জমা দিতে গেলে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের ফটকে কয়েক ব্যক্তি তাঁদের আটকে দেন। তাঁরা দরপত্রের ভেতর থেকে ‘পে-অর্ডার’ বের করে নেন।
ঠিকাদারদের অভিযোগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা সমঝোতার ভিত্তিতে কাজ দুটি ভাগাভাগি করে নিয়েছেন। তাঁরা ইচ্ছেমতো দর দিয়ে পাথর সরবরাহের কাজের জন্য ছয়টি ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজের জন্য তিনটি দরপত্র জমা দিয়েছেন।
খুলনার একজন ঠিকাদার বলেন, তিনি দুটি কাজেরই দরপত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্তু ফটকেই তাঁকে আটকে দেওয়া হয়। ‘কমান্ডো স্টাইলে’ তাঁকে তুলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার পলাশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর দরপত্রের কাগজের ভেতর থেকে পে-অর্ডারটি বের করে নেওয়া হয়। পলাশ ও সুমনসহ রাজশাহীর চেনা কয়েকজন ঠিকাদার সেখানে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ও পাকশীর কয়েকজন ঠিকাদারকেও দরপত্র জমাদানে বাধা দেওয়া হয় বলে ওই ঠিকাদার জানান।
পলাশ রাজশাহী নগরের বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুমন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে পলাশের যোগাযোগ করা সম্ভব হয়নি। সুমনের পুরো নাম তৌহিদুল হক সুমন। তিনি বলেন, খুলনার ঠিকাদারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁকে তুলে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
তৌহিদুল হক পাল্টা অভিযোগ করেন, খুলনার ওই ঠিকাদার প্রথমেই এসে বলেন যে তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। খুলনা স্টেশনের সীমানাপ্রাচীরের কাজটি তাঁকে দিতে হবে। তাঁর পক্ষে স্থানীয় সাংসদ মিজানুর রহমান ফোন করবেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো সাংসদ তাঁর পক্ষে ফোন করেননি এবং ওই ঠিকাদার সমঝোতা করতে হলে যে তিনটি ‘সাপোর্টিং’ দরপত্র জমা দিতে হয়—তা-ও দেননি। পরে খুলনা মহানগর আওয়ামী লীগের এক নেতাকেই কাজ দেওয়া হয়েছে। তিনি সাপোর্টিং দরপত্রসহ সব ব্যবস্থা করেছেন।
তৌহিদুল হকের দাবি, পাথরের কাজে লাভ কম। ওই কাজের কোনো সমঝোতা হয়নি। ওটা নিয়ে কারও তেমন আগ্রহও নেই।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবুল হক বকশী বলেন, তাঁদের কাছে পাথরের সরবরাহের কাজের জন্য ছয়টি
ও সীমানাপ্রাচীরের কাজের জন্য তিনটি দরপত্র জমা পড়েছে। কাজ ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, একটা নির্দিষ্ট অঙ্কের ওপরে দর পড়লে তাঁরা দরপত্রগুলো বাতিল করবেন। সাধারণত প্রাক্কলিত দরের ৪ থেকে ৫ শতাংশের মধ্যের দরকে দরপত্র মূল্যায়ন কমিটি বিবেচনা করে থাকে। এর কম-বেশি হলে বিবেচনা করা হয় না।