আড়াই লাখ টাকার থ্রি-পিস ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানা এলাকায় গতকাল শনিবার সকালে মো. রবিন (২০) নামের এক যুবককে ব্লেড দিয়ে আঘাত করে প্রায় আড়াই লাখ টাকার ২৫০টি থ্রি-পিস ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত রবিনের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, রবিন কেরানীগঞ্জে একটি সেলাইয়ের দোকানের পাশাপাশি একটি থ্রি-পিসের দোকানেও কাজ করেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে তিনি নিউমার্কেটের চাঁদনীচক থেকে ২৫০টি থ্রি-পিস নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী রিকশাটি লালবাগের গোর-এ শহীদ মাজারসংলগ্ন এলাকায় নির্জন স্থানে থামলে দুজন অচেনা লোক রিকশার পাশে আসে। রিকশাচালক তখন একটি ব্লেড দিয়ে তাঁকে এলোপাতাড়ি জখম করতে থাকে। পরে ওই দুই ব্যক্তি তাঁকে রিকশা থেকে নামিয়ে থ্রি-পিস নিয়ে রিকশাটিতে উঠে চলে যায়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগী থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।