আড়াইহাজারে ডাকাতের হামলায় দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল শনিবার ভোরে ডাকাতদল এক বাড়িতে ঢুকে দুজনকে কুপিয়ে আহত করেছে। এ ছাড়া গত শুক্রবার রাতে উপজেলার উচিৎপুরা সড়কে কয়েকটি যানবাহনে হামলা চালিয়ে ডাকাতেরা যাত্রীদের পিটিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করেছে।
যানবাহনের কয়েকজন যাত্রী ও চালক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আড়াইহাজার-উচিৎপুরা সড়কের উচিৎপুরা হাজী বেলায়েত কলেজসংলগ্ন সড়কে একদল ডাকাত গাছ ফেলে ব্যারিকেড দিয়ে চারটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশা থামায়। এ সময় তারা যাত্রী ও চালকদের পিটিয়ে তাঁদের কাছ থেকে টাকাপয়সা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অটোরিকশার যাত্রী উপজেলার ডোমারচর এলাকার রফিক বলেন, তাঁর ছেলে ও ছেলের বউ আড়াইহাজার থেকে অটোরিকশা করে আসার পথে তারা ওই ডাকাতির শিকার হয়।
এদিকে গতকাল ভোররাতে পৌরসভার ছোট বাড়ৈপাড়া এলাকার জুয়েলারি ব্যবসায়ী নিত্যানন্দ সেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তার স্ত্রী উপাসনা রানী সেন (৫০) ও ছেলে সজীব সেনকে (২০) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল মালামাল রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উপাসনা রানী সেন ও সজীব সেনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ডাকাতির ঘটনা কেউ তাঁদের জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।