আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াপাড়া গ্রামের আমিরউদ্দিনের ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে একই এলাকার আবদুস সামাদের ছেলে আবদুর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল সকালে ওই বিরোধপূর্ণ জমিতে আবদুর রহমান তাঁর লোকজন নিয়ে ঘর তুলতে গেলে বাধা দেন মোহাম্মদ আলী ও তাঁর লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহমান ও তাঁর ছেলে শরীফ ও রূপ মিয়াকে আটক করেছে।