আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গত রোববার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে আসোয়াট নয়ানগর গ্রামের মজিদের ছেলে নাহিদের সঙ্গে পুরিন্দা এলাকার চান মিয়ার ছেলে কুরবানের মধ্যে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় হয় তাদের মধ্যে মারামারি।
এর জেরে রাত ১০টার দিকে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদের ভাই মোশারফ, মোক্তার ও কামরুলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিমের (ইবু) বাড়িতে হামলা চালায়।
এ সময় চার-পাঁচটি ককটেল ফাটানো হয়। কুপিয়ে জখম করা হয়ে সাবেক ইউপি সদস্য মজিবুরকে। সংঘর্ষ চলাকালে দুটি বসতঘরও ভাঙচুর করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে মজিবুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হয় স্থানীয় হাসপাতালে।