আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত বৃহস্পতিবার দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় চার লাখ টাকাসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
পুলিশ ও দুই বাড়ির লোকজন বলেন, উপজেলার নারান্দী এলাকার ব্যবসায়ী মোস্তফার বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে। একপর্যায়ে তারা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়। বাড়ির গৃহকর্তা মোস্তফা বলেন, বাড়ির ঘর পাকা করার জন্য ব্যাংক থেকে ওই টাকা তোলা হয়েছিল।
এদিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া নয়াপাড়া এলাকায় জুতা ব্যবসায়ী খলিলুর রহমানের বাড়িতে ওই দিন রাত সাড়ে তিনটার দিকে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, মুঠোফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো ডাকাতকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।