আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ১
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় মো. আমান (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন। তাঁরা হলেন আবুল (২৩) ও শরীফ (২৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আমানের চাচাতো ভাই সাত্তার ও কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বালু মহাল নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করে আসছে। গতকাল ভোর রাতে আমান, আবুল ও শরীফ কালাপাহাড়িয়া নতুনচর এলাকায় বালু মহালে এলে সেখানে প্রতিপক্ষ ডালিম গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালায়। তাঁরা আমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে আমান নদীতে পড়ে যায়। এ সময় আবুল ও শরীফ আহত হন। পরে ডালিম গ্রুপের লোকজন পালিয়ে যান। দুপুরে স্থানীয় জেলেরা জাল ফেলে আমানের মৃতদেহ উদ্ধার করেন।
কালাপাহাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহিন জানান, আমানের মাথায় জখম রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।