আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রতিপক্ষের হামলায় আমান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। গত মঙ্গলবার ভোরে উপজেলার কালাপাহাড়িয়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা ও কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুল হকের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।
কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের অভিযোগ, মঙ্গলবার ভোরে কুমিল্লা মেঘনা উপজেলার চন্দনপুরা থেকে স্পিডবোটের তেল নিয়ে কালাপাহাড়িয়া নতুনচর এলাকায় বালু মহালে আসার পথে সন্ত্রাসীরা তাঁদের লোকজনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমান, ইয়াছিন, আবুল, শরীফ নামে চারজনকে নদীতে ফেলে চলে যায়। মেঘনায় জেলেরা জাল ফেলে আমানের মৃতদেহ ও আহতদের উদ্ধার করেন। এ ঘটনার জন্য তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফায়জুল হকের লোকজনকে দায়ী করেন।
তবে কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুল হক দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁর লোকজন জড়িত নয়। আমানকে কেউ হত্যা করেনি। দুর্ঘটনার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহিন জানান, আমানের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। তবে নিহত আমানের মাথায় জখমের আলামত দেখা গেছে।
তিনি জানান, এই এলাকার সাইফুল ইসলাম ও ফায়জুল হকের গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তবে আমানের মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।